Published : 17 Apr 2026, 09:05 PM
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক মন্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে তীব্র বিক্ষোভ হয়েছে। স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা আজ শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া বিক্ষুব্ধ জনতা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ের কাছে যায়। মিছিলটি বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ের সামনে পৌঁছালে কিছু কর্মী জাগপা কার্যালয়ের বাইরের টিনের বেড়া ও ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষুব্ধ কর্মীদের মিছিলে ফিরিয়ে আনা হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘একাত্তরের দোসরদের হুশিয়ার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান) বক্তব্য রাখেন। বক্তারা রাশেদ প্রধানের মন্তব্যকে তীব্র নিন্দা জানান এবং তার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
রাশেদ প্রধান ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে পঞ্চগড়ের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু মুঠোফোনে জানান, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন এবং রাশেদ প্রধানের ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। জাগপা কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, তাদের মিছিলের সাথে এর কোনো সম্পর্ক নেই।।
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ক্ষমতা দলীয় প্রধানের হাতে ন্যস্ত করল বিএনপি